জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
বিকাল সোয়া ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন তারেক রহমান। পরে তিনি নিজেও শোভাযাত্রায় যোগ দেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল লাল-সবুজের জাতীয় পতাকা। এ ছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে কর্মসূচিতে অংশ নেন নেতাকর্মীরা।
শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়কে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে। তাদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।