জাতীয়তাবাদী সমমনা জোট দীর্ঘ বছর ধরে আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে বিএনপির সহযাত্রী হয়ে কাজ করেছে, সেহেতু সকল জোট সঙ্গীদের নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জোটের প্রধান সমন্বয়কারী ও গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী।
শনিবার ২৫ এপ্রিল জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজো কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর পরই যুদ্ধের কারনে কিছুটা চাপে রয়েছে। মাত্র দু মাসের সরকার জ্বালানি তেলের মতো গুরুতর সংকট মোকাবিলা করছে।
জাগপা একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, দেশের ১৮ কোটি মানুষ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে সরকার পরিচালনার সুযোগ করে দিয়েছে। ভূমিধস বিজয়ে বিএনপির শরিক জাতীয়তাবাদী সমমনা জোটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং এই জোটকে উপযুক্ত মূল্যায়নের জোর দাবি জানান খন্দকার লুৎফর রহমান।
বৈঠকে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা ব্যারিষ্টার জাইমা রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো হচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে দোষিদের আইনের আওতায় আনার দাবিও জানান এস এম শাহাদাত।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সমন্বয়কারী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, মুসলিম লীগ চেয়ারম্যান ব্যরিষ্টার নাসিম খান, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, ডিএল এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, এবং মহাসচিব জাকির হোসেন রিয়াজ, আবু সৈয়দ, রেজওয়ান মর্তুজা, জামিল আহম্মেদ, আব্দুল বারিক, সাইফুল আলম, সুরাইফুল ইসলাম, জহির হোসেন প্রমুখ।