মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় রাস্তার পাশের একটি দেয়াল থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিচ্ছন্নতাকর্মীরা।
জানা যায়, রাধানগর এলাকায় রাস্তার পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় শ্রমিকরা একটি দেয়ালের ওপর অজগর সাপটি দেখতে পান। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশের এসআই বসু দেব সাপটি দেখতে পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা ও সাপের উপস্থিতিতে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশসংশ্লিষ্টরা।