মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ প্যান্ট ও টি-শার্ট, আইডি কার্ডের ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ (২০) ও মাসুম আহমদ (১৯)।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে মৌলভীবাজার পৌরসভার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করেন ওই দুই যুবক। পরে তাঁরা বিভিন্ন স্টলে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দেন। এ সময় সঙ্গে থাকা আইডি কার্ড ও ওয়াকিটকি প্রদর্শনের পাশাপাশি মোবাইল ফোনে সেনাবাহিনীর পোশাক পরা ছবি দেখিয়ে স্টল মালিক ও ব্যবসায়ীদের বিশ্বাস অর্জনের চেষ্টা করেন।
একপর্যায়ে তাঁরা বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে গ্রেপ্তার ও হয়রানির ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীরা তাঁদের আটক করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যান। পরে খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুই যুবককে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ তাঁদের কাছ থেকে একটি বাওফেং ব্র্যান্ডের ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ একটি প্যান্ট ও একটি টি-শার্ট, আইডি কার্ডের তিনটি ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেলায় ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেছেন বলে জানা গেছে। মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।