ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী। ঢাকায় তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদেও তারা বিক্ষোভ করেন।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন কী করে’, ‘এক দফা এক দাবি, পুনর্বহাল পুনর্বহাল’, ‘তুমিও জানো, আমিও জানি, জামায়াত-শিবির পাকিস্তানি’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের চাকরিচ্যুত করে রাখা হয়েছে। তারা চাকরিতে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে গ্রাহক ফোরামের নামে জামায়াত-শিবিরের হামলার অভিযোগের প্রতিবাদ জানান তাঁরা। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন আন্দোলনকারীরা।
এর আগে একই দাবিতে সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে জানতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।