এ সময় সেখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। বান্দরবান আদিবাসী ফোরামের সভাপতি ডা. মং উসাথোয়াইয়ের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-জীবিকা, সংস্কৃতি, ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষায় তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা জরুরি।
বক্তারা দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ধারাগুলো দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ভূমির অধিকার, শিক্ষা ও জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ এবং পাহাড়ি জনগোষ্ঠীর ভূমি ও ঐতিহ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।আলোচনা সভা শেষে রাজমাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজমাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রায় মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গ্যা, বম, খুমী, লুসাইসহ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর তরুণ-তরুণী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। তারা নিজ নিজ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেন।