• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

নিশিরাতে মাটি কাটার মহোৎসব, ধ্বংসের মুখে পাহাড়-নদী

রিয়াজ উদ্দিন, কক্সবাজার / ৫৯ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের রামু উপজেলায় রাত হলেই শুরু হয় অবৈধভাবে মাটি কাটার মহোৎসব—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, কৃষিজমি, পাহাড়, নদীসহ এমন কোনো স্থান নেই যেখানে মাটি কাটা হচ্ছে না। দিন-রাত শত শত ডাম্পার ট্রাক ও গাড়িতে এসব মাটি পরিবহন করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবাধে কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি করছে। এতে একদিকে ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য বিপন্ন হচ্ছে। নদী ও খাল থেকে মাটি উত্তোলনের ফলে জলপ্রবাহও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসী বলেন, প্রশাসনের সামনেই দিনের আলোতে এবং গভীর রাতে শত শত গাড়ি চলাচল করছে। তবুও কোনো অভিযান বা কঠোর ব্যবস্থা চোখে পড়ছে না। ফলে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
পরিবেশ সচেতন মহলের মতে, এভাবে চলতে থাকলে আগামী দিনে রামু উপজেলায় কৃষিজমি, পাহাড়, গাছপালা ও প্রাকৃতিক সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়বে। এতে খাদ্য উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিও বাড়বে।
তবে এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ইতোমধ্যে ৩০টির বেশি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৩০টির অধিক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দ করা বালুমহল নিলামে বিক্রি করা হয়েছে এবং মাটি বহনকারী অনেক গাড়ি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ মাটি কাটা বন্ধে রামু উপজেলা প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করেছে। এ কার্যক্রম আরও জোরদার করতে সড়ক ও জনপথ বিভাগ, হাইওয়ে পুলিশ, রামু থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারসহ জনপ্রতিনিধিদেরও এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয়রা বলছেন, অভিযান অব্যাহত রেখে নিয়মিত নজরদারি ও কঠোর শাস্তির ব্যবস্থা করা হলে রামুর কৃষিজমি, পাহাড় ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category