মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানের শংকর টিলা হ্রদে পানিতে ডুবে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ওই হ্রদে গোসল করতে নেমে তিনি ডুবে গেলে সন্ধ্যার পর স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হ্রদ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তি অটোরিকশা চালক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই ব্যক্তি চা বাগানের অভ্যন্তরে তার অটোরিকশাটি (সুরমা ভ্যালি মিশুক-১২) রেখে শংকর টিলা হ্রদে গোসল করতে নামেন। তিনি হ্রদের পূর্বপাশ থেকে পশ্চিমপাশে সাঁতার কেটে যাওয়ার সময় পানির মাঝামাঝি স্থানে তাকে ডুবে যেতে দেখেন স্থানীয়রা। এরপর থেকে তিনি নিখোঁজ হন। ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এবং শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর হালদারের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা তল্লাশির শেষে সন্ধ্যার পর পানির নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার লিডার আকতার হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে দীর্ঘ দেড় ঘন্টার বেশি সময় খোঁজাখুঁজি করে নিহতের মরদেহ উদ্ধার করতে সমর্থ হই।”
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) দিপংকর হালদার বলেন, “ভাড়াউড়া লেক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে”।