ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে আবারও উৎপাদন ব্যাহত হয়েছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে কয়লা সংকটের কারণে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন কিছুটা কমিয়ে রাখা হয়েছিল। তবে সম্প্রতি প্রয়োজনীয় পরিমাণ কয়লা মজুত নিশ্চিত হওয়ায় কেন্দ্রটিতে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তখন কেন্দ্রটি জাতীয় গ্রিডে প্রতিদিন ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করছিল।
এরই মধ্যে রোববার দুপুরে কেন্দ্রটির ২ নম্বর ইউনিটে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ইউনিটটি পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রক্ষণাবেক্ষণ কাজের জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ বন্ধ রাখা হয়েছে। কোনো ইউনিট বন্ধ হওয়ার পর সেটি সরাসরি পরিদর্শন বা মেরামত করা যায় না। প্রথমে ইউনিটটিকে কুল-ডাউন বা ঠান্ডা করার প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বর্তমানে সেই প্রাথমিক প্রক্রিয়াই চলছে।
জহুরুল ইসলাম আরও জানান, ইউনিটটি পরীক্ষার জন্য ভারত থেকে দুজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা রয়েছে। তারা এসে পর্যবেক্ষণ করার পর বলা সম্ভব হবে এটি কবে নাগাদ উৎপাদনে ফিরবে। আপাতত দুই দিন পর পরিস্থিতি স্পষ্ট বোঝা যাবে।
উল্লেখ্য, রামপাল কেন্দ্রটির উৎপাদন অর্ধেকে নেমে আসায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বন্ধ হওয়া ইউনিটটি দ্রুত সচল করতে কর্তৃপক্ষ প্রাথমিক কাজ শুরু করেছে।