জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে ঝাঁকঝমকপূর্ণ পরিবেশে কাঁঠালিয়ায় একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ‘ইউএনও একাদশ কাঁঠালিয়া’ ৩-২ গোলের ব্যবধানে ‘ভোরের পাখি একাদশ আমুয়া’কে পরাজিত করেছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা, কাঁঠালিয়া।
নির্ধারিত সময় বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হওয়ার পর থেকেই মাঠে দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। দু’দলের খেলোয়াড়দের দুর্দান্ত পাস ও আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট হয়ে ওঠে পুরো ম্যাচ। শেষ পর্যন্ত দারুণ নৈপুণ্য দেখিয়ে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউএনও একাদশ।
খেলা উপভোগ করতে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন স্তরের মানুষের উপচে পড়া ভিড় জমেছিল। টানটান উত্তেজনার এই ম্যাচ শেষে উপস্থিত দর্শকরা উভয় দলের খেলোয়াড়দের চমৎকার ক্রীড়াসুলভ মানসিকতার ভূয়সী প্রশংসা করেন।