• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা নাহিয়ান

নিজস্ব প্রতিবেদক / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাসান নাহিয়ান
আবু হাসান নাহিয়ান

জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তুরস্ক যাচ্ছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাসান নাহিয়ান। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং গবেষণা ও সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য বাংলাদেশ ডায়লগ’ এর সঙ্গে যুক্ত।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়া শহরে বৈশ্বিক এই জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং তরুণ সংগঠকরা অংশ নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন।

এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সহযোগিতা জোরদারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও বাস্তুচ্যুতির মতো সংকট মোকাবিলা করছে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক এই মঞ্চে বাংলাদেশের জলবায়ু সংকট এবং তা উত্তরণে তরুণদের ভাবনা ও সম্ভাব্য সমাধান তুলে ধরার সুযোগ পাবেন তরুণ প্রতিনিধিরা।

সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে আবু হাসান নাহিয়ান বলেন, কপ-৩১ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু নীতি, আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু কূটনীতি সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের জলবায়ু বাস্তবতা এবং তরুণ প্রজন্মের চিন্তা ও প্রত্যাশা তুলে ধরতে এই অংশগ্রহণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category