রাজনীতি মানেই পোস্টার-ব্যানারে দেয়াল আর রাস্তা ঢেকে ফেলা—প্রচলিত এই ধারার বাইরে গিয়ে এক অনন্য ও পরিবেশবান্ধব দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সরফরাজ আহমেদ সরফু। উৎসব শেষে পৌর শহরের পরিবেশ রক্ষা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে নিজ দায়িত্বে রাস্তার পাশে ঝোলানো নিজের পোস্টার, ব্যানার ও ফেস্টুন সরানোর কাজ শুরু করেছেন তিনি।
২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে শ্রীমঙ্গল পৌর শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বর এলাকায় আনুষ্ঠানিকভাবে নিজ হাতে ব্যানার খুলে এই পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়।
জানা যায়, সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল শহরের প্রধান সড়ক ও অলিগলিতে শুভেচ্ছা জানিয়ে বিপুল সংখ্যক ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছিল। উৎসবের আমেজ শেষ হতেই শহরকে আবার পূর্বের নান্দনিক ও পরিচ্ছন্ন রূপে ফেরাতে তিনি সরাসরি মাঠে নামেন।
অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে সরফরাজ আহমেদ সরফু বলেন, “প্রচার-প্রচারণা শেষে সেগুলো সরিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। কেবল কথার কথা নয়, বাস্তবে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে হলে নিজের জায়গা থেকেই কাজ শুরু করতে হয়।”
শ্রীমঙ্গলকে একটি আধুনিক ও মডেল শহরে রূপান্তর করতে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “একটি শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখা প্রতিটি দায়িত্বশীল নাগরিকের নৈতিক কর্তব্য।”
ব্যানার-ফেস্টুন অপসারণের সময় সরফুর এই পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ যুবদল, ছাত্রদল এবং সমর্থক ও সাধারণ জনগণ। তারা সারিবদ্ধভাবে শহরের বিভিন্ন পয়েন্টের ব্যানার ও ফেস্টুন খুলে পরিবেশ পরিচ্ছন্ন করেন।
রাজনীতিবিদদের কাছ থেকে সচরাচর এমন দায়িত্বশীল আচরণ দেখা যায় না উল্লেখ করে স্থানীয় বাসিন্দারা জানান, পূজার শুভেচ্ছা জানানো শেষে নিজের ব্যানার নিজে সরানোর এমন দৃশ্য শ্রীমঙ্গলে এবারই প্রথম। সরফরাজ আহমেদ সরফুর এ পদক্ষেপ রাজনীতিতে এক নতুন সংস্কৃতি ও ইতিবাচক পরিবর্তন আনবে এবং শহর সুন্দর রাখতে এটি একটি অনুকরণীয় মডেল হয়ে থাকবে।