নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বাসুদেবপুর রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বাসুদেবপুর রেলস্টেশনের উত্তরে ২৪৬/৪-৬ রেলওয়ে কিলোমিটার এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি দেখতে পেয়ে রেলের খালাসি মো. শাহার আলী তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানা পুলিশকে খবর দেন। পরে নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে আসেন। পরে তাঁরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যান।
নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।