চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বন্দরের ওয়ানস্টপের সামনে এ কর্মসূচি শুরু হয়। চলে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত। এতে সংগঠনটির ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন, যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, আইন ও আদালত সম্পাদক আমিরুল ইসলাম রুমেল এবং যুগ্ম সম্পাদক মো. বাহালুল উদ্দিনসহ সংগঠনের অন্য নেতারা।
এ সময় নেতারা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। বিদেশি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সংগঠনটির নেতাদের দাবি, এনসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। অন্যথায় শ্রমিকদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।