আইনজীবী সমাজকে নিয়ে অবমাননাকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী এডভোকেট ওমর ফারুক তুষার এই আইনি নোটিশটি প্রেরণ করেন।
নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে রামগঞ্জ কচুয়া আহমাদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম আইনজীবী সমাজকে উদ্দেশ্য করে চরম আপত্তিকর মন্তব্য করেন।
তিনি বক্তব্যে বলেন, রাতে আইনজীবীরা আল্লাহর কাছে দোয়া করে যে, আগামীকাল যেন ২/৪ জন মাদকসেবী পাই ও জামিন করাইতে পারি, যে ভালমন্দ বাজার করে বাড়ী ফিরতে পারি এবং “আইনজীবীরা ২/৪/১০ টাকার বিনিময়ে মাদক সেবীদের জামিন করাইয়া থাকে।
নোটিশদাতা এডভোকেট ওমর ফারুক তুষার জানান, একজন সংসদ সদস্য ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হয়ে বিচার ব্যবস্থার অন্যতম প্রধান অঙ্গ আইনজীবী সমাজকে নিয়ে এ ধরনের ভিত্তিহীন, মনগড়া ও সস্তা মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। এই বক্তব্যের মাধ্যমে সমগ্র আইনজীবী সমাজের সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারা অনুযায়ী এটি ফৌজদারী অপরাধের শামিল।
লিগ্যাল নোটিশে সংসদ সদস্যকে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে উক্ত অবমাননাকর ও মানহানিকর বক্তব্য লিখিতভাবে প্রত্যাহার করে সমগ্র আইনজীবী সমাজের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।