মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়া প্রায় ১৬ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হাইল হাওরের উকুলবেড়ির বিলে এ ঘটনা ঘটে। স্থানীয় রুমন মিয়ার মাছ ধরার জালে আগের রাত ১০টার দিকে অজগরটি পেঁচিয়ে আটকা পড়ে।
পরে বিষয়টি সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দরকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।
সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় মাছ ধরার জাল কেটে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।