মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রাত সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী বাস আলম এসিয়া সাথে যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশা সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি বাসের চাপায় দুমড়ে মুচড়ে যায়। সাতগাও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনা কবলিত সিএনজির ভিতর থেকে তিনজনকে উদ্বার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ বলেন রাত সোয়া ৯ টার দিকে হাসপাতালে তিন জনকে নিয়ে আসে। তিনজনই হাসপাতালে আনার আগে মারা গেছেন। তাদের মধ্যে সবারই মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একজনের পা ভেঙে গেছে। নিহতদের মৃতদেহ হাসপাতালে রাখা আছে। এখনো কারও স্বজন আসেনি। আমরা মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করবো।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনার সাথে সাথেই সিএনজিতে করে আহতদের হাসপাতালে পাঠিয়েছি। বাস আটক আছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।