পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা দ্রুত জাতীয় সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর কীভাবে দুবাইয়ে জামিন পেয়েছেন, সে বিষয়েও সংসদকে অবহিত করতে বলেছেন তিনি।
পরে প্রস্তাবটি ভোটে দেওয়া হলে কণ্ঠভোটে তা পাস হয়। এরপর স্পিকার বলেন, বেনজীর আহমেদ কীভাবে দুবাইয়ে জামিন পেয়েছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত সংসদকে জানাতে হবে।
এর আগে সাধারণ প্রস্তাব উত্থাপন করে মীর আহমাদ বিন কাসেম বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। প্রস্তাবের ওপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বক্তব্য দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীরসহ বিদেশে অবস্থানরত কোনো পলাতক আসামিকে আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকার কোনো ধরনের শৈথিল্য দেখাবে না। তার বর্তমান অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা, প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া, কথিত একাধিক পাসপোর্টের অভিযোগ যাচাই এবং দেশে-বিদেশে অবৈধভাবে অর্জিত সম্পদ শনাক্ত ও আইনানুগভাবে জব্দ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সমন্বিতভাবে কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে দুবাই সফর করেছেন। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে বেনজীরকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়েছে। ইউএই কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যর্পণের বিষয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।