আরও পাঁচটি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তবে নবগঠিত এসব কমিটির কোনো সভাপতির পদেই বিরোধীদলের সদস্যকে রাখা হয়নি। একই সঙ্গে পানিসম্পদ এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
নতুন গঠিত কমিটিগুলো হলো সমাজকল্যাণ, প্রবাসীকল্যাণ, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-৪ আসনের বিএনপির এমপি মো. শাহজাহানকে। তিনি বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত ও প্রস্তাব-সম্পর্কিত কমিটিরও সভাপতি।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসনের বিএনপির এমপি এ কে এম ফজলুল হক মিলনকে। রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে খুলনা-৫ আসনের বিএনপির এমপি মোহাম্মদ আলী আসগার লবিকে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে। আর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৩ আসনের বিএনপির এমপি এস এম রফিকুল ইসলামকে।
জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক কমিটি। ইতোমধ্যে ৪৫টি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ৩৬টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি এবং নয়টি বিষয়ভিত্তিক কমিটি।
এদিকে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি থেকে এ কে এম ফজলুল হক মিলন ও মুন্সী রফিকুল আলমের পরিবর্তে মাজহারুল ইসলাম ও ফরিদুল কবীর তালুকদারকে সদস্য করা হয়েছে।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জামায়াতের সদস্য মাছুম মোস্তফার পরিবর্তে দলটির আরেক সদস্য কামরুল হাসানকে নেওয়া হয়েছে।