ঝালকাঠির রাজাপুরে বিএসটিআইয়ের অনুমোদনহীন অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গোডাউন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর গ্রামের আবুল হোসেনের বসতঘরের নিচতলার একটি গোডাউনে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া অবৈধ পণ্য মজুদ রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন পণ্য জব্দ করে তা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অনুমোদনহীন পণ্য রাখার দায়ে গোডাউন মালিক মো. জোনায়েদ হোসেনকে (১৯) কে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। জোনায়েদ ওই এলাকার মো. আবুল কালামের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এসময় বিএসটিআইয়ের পরিদর্শক শেখ রাসেল উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।