মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চার যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ৭ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি মৌলভীবাজার সদর থানাধীন চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় পরিচালিত হয়। অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মো. আলিম মিয়া (২২), মো. জাহিদ হাসান (২৪), মো. হোসাইন মিয়া (২০) ও মো. জাহেদ (২২)কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
রায়ের পর চার আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।