মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নে এক লন্ডন প্রবাসীর পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা, সীমানা দেয়াল নির্মাণে চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ও স্থানীয়দের পক্ষে সুলতান মিয়া গত ২৩ আগস্ট মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কামালপুর মৌজার জেএল নং-৪৯, খতিয়ান নং-২৪৭ এবং দাগ নং-১৩১৩ ও ১৩১৪-এ লন্ডন প্রবাসী কলমদর মিয়ার পৈতৃক মালিকানাধীন জমি রয়েছে। তিনি বিদেশে থাকায় দীর্ঘদিন ধরে জমিটি দেখাশোনা করছেন তাঁর ভাতিজা সুলতান মিয়া ও সাচ্চু মিয়া।
অভিযোগকারীর দাবি, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই জমির পাশের ১৩৩৯ নম্বর দাগের প্রায় ৯ শতক রাস্তার জমি জবরদখলের চেষ্টা করছেন। একই সঙ্গে জমির পুরোনো সীমানা দেয়াল সংস্কার করতে গেলে তারা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সীমানা দেয়াল সরকারি রাস্তার জমিতে ঢুকে যাচ্ছে—এমন অভিযোগ তুলে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয়।
অভিযোগে আরও বলা হয়, রাস্তা সংলগ্ন এলাকায় দেয়াল নির্মাণ এবং রাস্তার ওপর গেট স্থাপন করায় স্থানীয় স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সুলতান মিয়ার অভিযোগ, গত ২৩ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত আরিফুর রহমান ফখরুল, আতাউর রহমান নজরুল, কাওছার আহমদ, মহসিন মিয়া ও জলাল মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে উপস্থিত হন। এ সময় তারা জমিতে কাজ করতে নিষেধ করেন এবং কাজ করলে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়ভাবে একাধিকবার সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তাতে সম্মত হননি বলে অভিযোগকারীর দাবি। এতে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, লন্ডন প্রবাসীর জমি দখলের হুমকির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।