টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত রাত থেকে বৃষ্টির কারণে মুরাদপুর, ষোলকবহর, জামালখান, আগ্রাবাদ, কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। এতে সকালে অফিসগামী মানুষ ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বার্তা২৪.কমকে বলেন, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ তিন ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১০৯ মিলিমিটার
তিনি বলেন, সাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসবে।
এদিকে গত রাত থেকে টানা বৃষ্টির পর সকালে নগরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। মুরাদপুর, ষোলকবহর, জামালখান, আগ্রাবাদ, কাতালগঞ্জসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। অফিস ও কর্মস্থলের উদ্দেশ্যে বের হওয়া মানুষকে পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে।
বৃষ্টির কারণে নগরের বিভিন্ন সড়কে যানবাহনের গতি কমে যায়। কোথাও কোথাও যানজটও সৃষ্টি হয়। গণপরিবহনের জন্য অপেক্ষারত যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হয়।
মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বলেন, ‘এই মুহূর্তে সমুদ্রবন্দরে স্থানীয় সতর্কতা সংকেত ৩ নম্বর এবং নৌবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে।’
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিন চট্টগ্রামে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে।