প্রেস ক্লাব ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় সংঘর্ষ এবং জুলাই যোদ্ধা আ ন ম আয়াসের ওপর হামলার ঘটনায় নতুন ধারা বাংলাদেশের ছয় নেতাকে পুলিশি হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ।
তারা হলেন-নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মন্ডল ও হরিদাস সরকার।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে কড়া পুলিশি পাহারায় তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মঈনুল ইসলাম খান পুলক বলেন, শান্তা ফারজানা এবং আরও পাঁচজন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তবে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।