নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই) বিকেল ৫টায় শিমুলবাড়ী সরকারি কলেজ মাঠে ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
শিমুলবাড়ী ইউনিয়ন আমীর আব্দুল কুদ্দুসের
সভাপতিত্বে সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি
দেলোয়ার হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা নায়েবে আমীর ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান। এছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ সালাফী শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ডা. আব্দুল্লাহর নাম ঘোষণা করেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে দলের আদর্শ ও প্রার্থীর বার্তা পৌঁছে দিতে হবে।
সম্মেলনে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার আহ্বান জানান।