• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকেও মানা হবে না: ডা. শফিকুর রহমান

বরিশাল ব‍্যুরো / ৩৫ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ছবি: সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকারকেও জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং ফ্যাসিবাদের পথেই হাঁটছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, যে গণভোটে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটের ভিত্তিতেই বর্তমান সরকার নিজেদের বৈধতা দাবি করছে। কিন্তু সেই গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে না। গণভোটের রায় যদি অকার্যকর করা হয়, তাহলে সরকারকেও জনগণ মেনে নেবে না। গণভোট না থাকলে এই সরকারেরও ভিত্তি থাকত না। তাই জনগণের রায় বাস্তবায়ন করা সরকারের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। অন্যথায় জনগণই সরকারকে সেই রায় মানতে বাধ্য করবে।

ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, ১৯৯১ সালের পর ক্ষমতায় এসে তারা কেয়ারটেকার সরকারের প্রয়োজনীয়তা বুঝতে পারেনি। পরে ঠিকই বুঝেছে। আমরা বলছি, জাতির ক্ষতি করে নয়, এখনই বাস্তবতা উপলব্ধি করুন।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে তিনি বলেন, আমরা রাজপথে থাকতে চাই না। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে অংশ নিতে চাই। কিন্তু সরকার যেভাবে বিরোধী দলগুলোকে রাজপথে নামতে বাধ্য করছে, তাতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। রাজপথ জ্বলে উঠলে সেই আগুনে অনেক কিছু পুড়ে ছারখার হয়ে যাবে।

সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি কখনও প্রকৃত গণতন্ত্রের জন্য আন্দোলন করেনি, বরং ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করেছে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়ে সরকার দেশকে আরেকটি গণঅভ্যুত্থানের দিকে ঠেলে দিচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু, কিন্তু অন্তরে ছলনা। গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার সেই রায় বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন আরও বেগবান হবে, প্রয়োজনে গণঅভ্যুত্থানের পথেও যেতে পারে জনগণ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর জনগণ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তা এখনও বাস্তবায়িত হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনদুর্ভোগ, বেকারত্ব এবং উন্নয়ন বৈষম্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে।

তারা জুলাই আন্দোলন ও গণভোট নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। বক্তাদের মতে, আগামীর বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ রাষ্ট্র, যেখানে জনগণের অধিকার ও গণরায়ের প্রতি সম্মান নিশ্চিত করা হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডা. মাহমুদা মিতু, এমপি জয়নাল আবেদীন, ব্যারিস্টার ফুয়াদ এবং এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

দুপুরের আগ থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে আশপাশের সড়কেও অবস্থান নেন হাজারো নেতাকর্মী ও সমর্থক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category