বন্যাকবলিত মৌলভীবাজারের জুড়ি উপজেলার দুর্গম ও জলাবদ্ধ এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৫২ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যার্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ এবং রান্না করা খাবার সরবরাহ করেছে বাহিনীটি।
মঙ্গলবার (১৪ জুলাই) ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ৫০০টি পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। একই সঙ্গে ৫০০টি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত মেডিকেল টিম দিনব্যাপী বন্যাকবলিত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং রোগ অনুযায়ী ওষুধ সরবরাহ করে। দীর্ঘদিন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত দুর্গম এলাকার বাসিন্দারা এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ৫২ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি উদ্ধার কার্যক্রম, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। তিনি বলেন, বন্যার পানি পুরোপুরি নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্যোগের কঠিন সময়ে বিজিবি শুধু সীমান্তের নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা আশা প্রকাশ করেন, বিজিবির এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসবে।