মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ (১৭) ও নাঈম (১৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাব্বির (২৫) নামে আরও একজন।
রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাতগাঁও ইউনিয়নের চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমজান মিয়ার ছেলে সৌরভ এবং তাজুল ইসলামের ছেলে নাঈম। আহত সাব্বির একই এলাকার শহিদ আলীর ছেলে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ ও নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ বলেন, আহত তিনজনের মধ্যে দুইজন হাসপাতালে আনার আগেই মারা যান। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সৌরভ একজন শিক্ষার্থী ছিলেন। তিনি এ বছর দারুস সুন্নাহ কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে আলিম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। অপরদিকে নাঈম পেশায় শ্রমিক ছিলেন এবং হবিগঞ্জে ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগের কাজ করতেন।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঘাতক বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলও পুলিশ হেফাজতে রয়েছে।