লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চরগোকুন্ডা-কাউনিয়া সীমান্তবর্তী এলাকায় তিস্তা নদী থেকে ভেসে আসা এক অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্থানীয়রা তিস্তা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি একজন যুবকের বলে ধারণা করা হচ্ছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, কোনো ব্যক্তি নিখোঁজ হয়ে থাকলে অথবা মরদেহটির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে লালমনিরহাট সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।