জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন ২০২৬ সফল মাভাবে বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে জেলা পর্যায়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে জানানো হয়, জেলার ৬৭ ইউনিয়ন ও ৩ টি পৌরসভার ৬-১১ মাস বয়সী ২৭ হাজার ১ শত ৬০ জন, ১২-৫৯ মাস বয়সী ২ লাখ ২১ হাজার ৭ শত শিশুর মধ্যে ইআইপির স্থায়ী ৭ টি কেন্দ্র সহ অস্থায়ী ১ হাজার ৬ শত ৩৫ টি কেন্দ্রে আগামী ২৮ জুন সারাদেশের মতো মৌলভীবাজারে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনে প্রশিক্ষিন প্রাপ্ত ২৪৫ জন সুপারভাইজার, ৩২৮৪ জন ভোলান্ডিয়ার কাজ করবে।
সভায় বক্তারা বলেন, শিশুর অপুষ্টিজনিত সমস্যা দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা প্রতিরোধে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও স্বাস্থ্যকেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের এ ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রেস কনফারেন্সে আরও জানানো হয়, ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। অভিভাবকদের নির্ধারিত তারিখে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: মামুনুর রহমান, পরিবার পরিকল্পনার ডেপুটি পরিচালক জসিম উদ্দিন, এমওসিএস এস,এম শাহারিয়ার ফাহিম ও নুসরাত হোসেন সহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।