ব্যারিস্টার মো. আবদুস সালামকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।
এছাড়াও সমমর্যাদায় ম্যানেজিং বোর্ডে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মো. রফিকুল কবির এবং ট্রেজারার হিসেবে মনোনীত হয়েছেন গফরগাঁওয়ের কৃতি সন্তান ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা)।
শনিবার (২০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে জারি করা পৃথক দু’টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩ (প্রেসিডেন্টস অর্ডার নং-২৯ অব ১৯৭৩) এর ধারা ১০(১) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করেছেন।
বোর্ডের অন্য ১২ সদস্যরা হলেন, অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার (রফিক সিকদার), ডা. কবিরুজ্জামান, এবিএম জাকারিয়া, ডা. শাহ মোহাম্মদ সারোয়ার আলম, ড. জামিল আহমেদ, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, রেজাউর রহমান চৌধুরী, অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম এবং এস এম মাহিদুল ইসলাম সজীব।