নাটোরের সিংড়া উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার লালোর ইউনিয়নের লালোর গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাগানের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহের বিভিন্ন অংশ হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অধিকতর তদন্তের জন্য মরদেহ নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।