নীলফামারীর জলঢাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রবিবার (৩ মে) দুপুরে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জলঢাকা জিরোপয়েন্টে সাংবাদিকরা নিজ নিজ ব্যানার নিয়ে সমবেত হন। পরে একটি সম্মিলিত র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়।
র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ ইমরুল মুজাক্কির অংশ নেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব তুলে ধরেন।
র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জলঢাকা প্রেসক্লাব সভাপতি আলহাজ কামরুজ্জামানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মাইদুল হাসান।
সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা নানা হয়রানি ও ঝুঁকির মুখে পড়ছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।
প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ করতে পারেন, সে জন্য নিরাপদ পরিবেশ প্রয়োজন।”
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু বাস্তবে তারা নানা নির্যাতন ও বাধার সম্মুখীন হচ্ছেন। সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এ সময় আরও বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আবেদ আলী, সহ-সম্পাদক মাহফুজ হান্নান, বাংলাদেশ সাংবাদিক সোসাইটি উপজেলা সভাপতি আল আমিন ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জলঢাকা রিপোর্টার্স ক্লাব সভাপতি নজরুল ইসলাম মণ্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং সিনিয়র সদস্য শহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।
সমাবেশে জলঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।