মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে আন্তঃজেলার চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
এ সময় আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া বিভিন্ন মূল্যবান মেশিনের মোল্ড উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত (২৪ এপ্রিল) ভোরে আশিদ্রোন ইউনিয়নের গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেড এর কারখানা থেকে লোহার মূল্যবান মোল্ড চুরি হয়। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজে যাচাই-বাছাই করে ২৬ এপ্রিল দিন ও রাতে পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার দিকনির্দেশনায় থানা সাব-ইন্সপেক্টর হারুন অর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নিতাই মালাকার (২৮) ও মিলন শেখ (৩৮)কে আটক করা হয়।
পরে তাদের হেফাজত থেকে প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।