মৌলভীবাজার সদর থানা পুলিশের দুঃসাহসিক অভিযানে অবশেষে গ্রেফতার হয়েছে আলোচিত ডাকাত রজব আলী (৪০)। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামিকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৫ এপ্রিল ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে আথানগীরি এলাকার বাসিন্দা চান মিয়ার ছেলে রজব আলীকে গ্রেফতার করতে মৌলভীবাজার সদর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। অভিযানের সময় হঠাৎ তুমুল বৈশাখী ঝড় শুরু হলে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রজব আলী। সে দৌড়ে পার্শ্ববর্তী গোপলা নদীতে গিয়ে একটি নৌকায় উঠে পড়ে।
এ সময় পুলিশ সদস্যরা দ্রুত নদীর দুই পাড় থেকে তাকে ঘেরাও করে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং ধাওয়া অব্যাহত রাখেন। এদিকে পুলিশের এ ডাকাত ধরার অভিযান দেখতে কাগাবালা বাজার এলাকার উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় জমায়। অনেকেই ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।
দীর্ঘ সময় চেষ্টার পর অবশেষে পুলিশ সদস্যরা রজব আলীকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযান টিমের নেতৃত্বে থাকা এসআই জয়ন্ত সরকার জানান, গ্রেফতারকৃত রজব আলীর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
তিনি আরও জানান, এসআই জয়ন্ত সরকারের সঙ্গে এএসআই রানা, এএসআই সাইদুর, এএসআই শাহীন, এএসআই জাহিদসহ মোট ১০ সদস্যের একটি দল দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সফল অভিযানের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অন্যান্য অপরাধীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে