• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই আবোল-তাবোল বলছে জামায়াত: মির্জা ফখরুল

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ২৭ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

           মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করেছে বলেই জামায়াতে ইসলামী এখন ‘আবোল-তাবোল’ বলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ক্ষমতায় এসেছে—জামায়াত আমিরের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমিরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে ক্ষমতায় এসেছে। জামায়াত কখনও সুস্থ চিন্তা করতে পারে না। তাদের অতীত ইতিহাস জাতি জানে বলেই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আর সেই হতাশা থেকেই তারা এখন মিথ্যাচার করছে।

তিনি আরও বলেন, দেশে আবারও বিভেদ ও ধুম্রজাল সৃষ্টি করে ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা চলছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী ভিন্নভাবে দেশকে স্বৈরশাসনের দিকে নিয়ে যেতে চায়।

মির্জা ফখরুল অভিযোগ করেন, একটি শক্তি নির্বাচনের আগে থেকেই দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি দল দীর্ঘ দিন ধরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। তারা আবারও দেশে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তবে দেশের সচেতন জনগণই তাদের প্রতিহত করবে।

ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে একটি চক্র কাজ করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের অপরাজনীতি পরিহার করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। একটি শক্তি ছাত্র রাজনীতিকে ব্যবহার করে অস্থিরতা তৈরির যে চেষ্টা করছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।

জনগণ আবারও সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category