মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের জুলেখানগর চা বাগান নাটমন্দিরে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন ও সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ প্রতিরোধে শনিবার (২৮ জুন) বিকেলে এক সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, জুলেখানগর বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমজাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, জুলেখানগর চা বাগানের ব্যবস্থাপক মো. শাহজাহান, ইউপি সদস্য মো. শাহজাহান, বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাগানবাসী।
বৈঠকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও মাদক প্রবেশ রোধে স্থানীয় জনগণকে সচেতন করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত ও সচেতন প্রচেষ্টায় পুশইন ও মাদকের অনুপ্রবেশ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।