মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটজন চোরাকারবারিকে আটক করেছে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানে চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশ একটি ট্রাক (যশোর-ট-১১-৫৬৩৭) আটক করে। তল্লাশিতে ট্রাক থেকে ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকা মূল্যের ভারতীয় চকলেট ও মেনটোস জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা (নং-২৭) দায়ের করা হয়েছে।
রবিবার (২১ জুন) একই স্থান থেকে ঢাকাগামী ‘কাফি ট্রাভেলস’ নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি চালিয়ে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করে সদর থানায় পৃথক একটি মামলা (নং-২৮) রুজু করা হয়েছে।
মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম জানান, জব্দকৃত মালামাল ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষাধিক টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধে মৌলভীবাজার জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।