নওগাঁর রাণীনগরে অসহায়-দু:স্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ চার পরিবারের মাঝে আর্থিক অনুদান, বিভিন্ন উপকরণ বিতরণ ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বাস্তবায়নে উপজেলা প্রশাসন এই সহয়তা প্রদানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, এদিন অনুষ্ঠানে উপজেলার মিরাট ইউনিয়নে সম্প্রতি ঝড়ে গাছ পড়ে ঘর নষ্ট হওয়া অসহায় আঙ্গুরী বিবিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ও স্থানীয় সাংসদের অনুকূল বরাদ্দ থেকে ঘর মেরামতের জন্য ৩ বান্ডিল ঢেউটিন, মেরামতের খরচ হিসেবে ৯ হাজার টাকা, ২ প্যাকেট শুকনো খাবার, আর্থিক অনুদান হিসেবে ৭ হাজার ৫শ টাকা, একই ইউনিয়নের আক্কাস আলীর ছেলের চিকিৎসা সহায়তা হিসেবে ১৫ হাজার টাকা ও শুকনো খাবারের প্যাকেট, সদর ইউনিয়নের খট্টেশ^র গ্রামের সিরাজুল ইসলামকে মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা ও শুকনো খাবারের প্যাকেট, একই গ্রামের অসহায় নিলুফাকে পারিবারিক সহায়তা হিসেবে দেড় বান্ডিল ঢেউটিন, ঘর মেরামতের খরচ হিসেবে ৪ হাজার ৫শ টাকা ও শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়েছে।