চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের ওপর ক্রমবর্ধমান হামলার প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।
সোমবার (১৮ মে) দুপুর ১২টা থেকে ঘন্টা ব্যাপী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন শরিয়তপুরে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। এ ধরনের হামলা স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাই চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ড্যাব দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ডা. হাফিজুল ইসলাম ও সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া। এসময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ, সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান, ডা. ইসমাইল হোসেন, কনসালটেন্ট ডা. মো. আসাদ শেখ পারভেজ, দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. নুর জামান, ডা. গোলাম রব্বানীসহ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।