পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ মাহের আল-মুআইকলি।
অন্যদিকে, মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ হুসাইন ইবনে আব্দুল আজিজ আলে শায়খ। তার জন্ম সৌদি আরবের বনি তামিমে, তিনি শায়খ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের উত্তরপুরুষ। সৌদি আরবে ইসলামি আইন প্রতিষ্ঠা ও ইসলামি জ্ঞানের চর্চা ক্ষেত্রে তার পরিবার বিশেষভাবে পরিচিত ও প্রভাবশালী।
শেখ আবদুল্লাহ আল জিবরিন ও শেখ আবদুল আজিজ দাউদের মতো বহু বিখ্যাত আলেমদের কাছ থেকে তিনি ফিকহ ও হাদিসের পাঠ নিয়েছেন। হিজরি ১৪১১ সালে তিনি সৌদি আরবের নাজরান শহরের হাইকোর্টের বিচারক নিযুক্ত হন। পরের বছর তাকে রাজধানী রিয়াদের হাইকোর্টে স্থানান্তর করা হয়। সেখানে ছয় বছর দায়িত্ব পালনের পর তিনি মদিনা শহরের গ্র্যান্ড কোর্টের বিচারকের দায়িত্ব পান। একইসাথে তিনি নববির ইমাম নিযুক্ত হন।
মুসলিম বিশ্বের কাছে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী অত্যন্ত মর্যাদাপূর্ণ দুই পবিত্র স্থান। প্রতি সপ্তাহে জুমার নামাজে দেশ-বিদেশের অসংখ্য মুসল্লি এসব মসজিদে সমবেত হন। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা সরাসরি সম্প্রচার কিংবা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে হারামাইনের জুমার খুতবা ও নামাজের দৃশ্য দেখার এবং ইমামদের তেলাওয়াত শোনার সুযোগ পান।