‘একসাথে, আরও শক্তিশালী—জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রাণিসম্পদ বিভাগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন দপ্তরের উপপরিচালক ডা. আব্দুর রহিম মিয়া এবং জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. নিরোধ চন্দ্র সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সবুজ সূত্রধর। এ সময় জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ডা. মো. আশরাফুল আলম খান বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। তবে সচেতনতা ও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
তিনি পোষা কুকুর ও বিড়ালকে নিয়মিত জলাতঙ্কের টিকা দেওয়ার পাশাপাশি অপরিচিত ও অসুস্থ প্রাণী থেকে দূরে থাকার পরামর্শ দেন। এ ছাড়া কুকুর বা বিড়ালের কামড় কিংবা আঁচড় লাগলে দ্রুত ১৫ মিনিট ধরে সাবান ও পরিষ্কার পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পোষা প্রাণীকে নিয়মিত টিকাদানের কোনো বিকল্প নেই।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ডা. সবুজ সূত্রধর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।