মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাট নিত্যদিনের ঘটনা। বুধবার রাতে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের জরুরি বিভাগ ও মেডিকেল অফিসারের কক্ষে মোমবাতির আলোয় চিকিৎসাসেবা দিতে দেখা যায় চিকিৎসক ও স্টাফদের।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে জেনারেটর ও আইপিএস থাকলেও দীর্ঘদিন ধরে সেগুলো অকার্যকর। ফলে রাতে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং রোগীদের দুর্ভোগ বাড়ছে।
জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা বলেন, বিদ্যুৎ চলে গেলে তারা অন্ধকারে পড়ে যান। জেনারেটর ও আইপিএস কেন সচল নয়, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন।
এর আগে হাসপাতাল থেকে আইপিএসের ব্যাটারি চুরির ঘটনাও ঘটে। এ ঘটনায় তদন্ত কমিটি হলেও পরবর্তী পদক্ষেপ দৃশ্যমান নয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, জেনারেটর ও আইপিএস থাকার কথা। কেন সচল নয়, তা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।