দিনাজপুর সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুর শহরের নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে ও দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী রিফাত ইমন (২২) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।
স্থানীয়রা জানান সন্ধ্যার দিকে ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রিফাত ইমন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা এন্তাজুল হক সোহাগ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান নিহত দুজনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেছেন। আইনানুগ প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।