জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ জিসান আহমেদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে জিসান আহমেদ লেখেন, আমি শেখ জিসান আহমেদ জাকসুর সাংস্কৃতিক সম্পাদক থেকে এই মুহূর্তে পদত্যাগ করলাম। আগামী রোববার প্রশাসন লিখিত কপি পেয়ে যাবে।
রাজনীতিতে নিজের অনীহার কথা জানিয়ে তিনি আরও উল্লেখ করেন, আমি কখনো রাজনীতি করিনি। রাজনীতির মানুষ না, ভবিষ্যতেও কখনো রাজনীতিতে আসবো না। রাজনীতির নোংরামি আমার পছন্দ না। ধন্যবাদ জাহাঙ্গীরনগর সবকিছুর জন্য।
আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার মাধ্যমে পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টের পদত্যাগের বিষয়ে জানতে শেখ জিসান আহমেদকে একাধিকবার তাকে ফোন দেয়া হলেও ফোনে পাওয়া যায়নি।