দিনাজপুরের বিরল উপজেলায় বিবাহবিচ্ছেদের জেরে এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে (৫০) আটক করেছে বিরল থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তার সাত বছর বয়সী এক ছেলে ও চার বছর বয়সী এক মেয়ে রয়েছে।
আটক মাহবুবুর রহমান রংপুর মহানগরের কোতোয়ালি থানার লালবাগ এলাকার বাসিন্দা। তিনি মৃত সফি উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় প্রায় দুই মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর শনিবার রাতে মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেন।
শ্যামলীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান জানান ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।