রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা। আহত পুলিশ সদস্য মো. সাইমন বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুরের কালশী রোডে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
তিনি বলেন, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় এক কনস্টেবলকে পেয়ে তার ওপর হামলা চালান শ্রমিকেরা।
হামলার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে এক পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করছেন। এ সময় কয়েকজন তাদের বাধা দেওয়ারও চেষ্টা করেন।
এর আগে সকাল ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ ঘটনায় অন্তত চারজনকে আটক করে পুলিশ।