বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায়
বেকারত্ব বাড়তে থকলে অপরাধ প্রবনতা ও সামাজিক নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
যুবশক্তির অপার সম্ভাবনা কোনভাবেই নষ্ট হতে দেয়া যাবেনা।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, বেকার যুবাদের কর্মসংস্থান না হলে অপরাধ প্রবনতা ও নৈরাজ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি
বলেন বিশাল বেকারত্বের সাথে সমাজে অপরাধ বৃদ্ধির সম্পর্ক রয়েছে। তিনি বলেন, হতাশায় ডুবে যাওয়ার আগেই সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে বেকার যুবাদের পাশে দাঁড়াতে হবে, তাদের আত্মকর্মস্থানের বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে। তা না হলে এই কোটি যুবকদের দেশে অপরাজনীতির জ্বালানি হিসাবে ব্যবহৃত হবার বিপদ বাড়তে থাকবে।তিনি বলেন, বিশাল যুবশক্তির অমিত সম্ভাবনাকে কোনভাবেই নষ্ট হতে দেয়া যাবেনা।
তিনি বলেন, জনপ্রত্যাশা পূরণে সরকারকে মানুষের জানমাল ও জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।তিনি বলেন, জনজীবনের জরুরী সংকট সমাধানে সরকারকে দৃশ্যমান ও কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, দাবি দাওয়ার ন্যায্য আন্দোলনকে গুরুত্ব দিতে হবে এবং মানবিক ও গণতান্ত্রিক দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
আজ বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
যুবসমাজের উদ্দেশে সাইফুল হক বলেন, দেশের যেকোনো অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিপ্লবী যুবসমাজকে বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে । গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে যুবসংগঠনগুলোকে আরও শক্তিশালী, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিপ্লবী যুব সংহতির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আউয়াল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মীর রেজাউল আলম, যুগ্ম আহ্বায়ক তুহিন রহমান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ইব্রাহিম হোসেন রনি, আরিফুল ইসলাম, রফিকুল ইসলাম রকি, ফেরদৌস মিয়া, নান্টু দাস, রাজু আহমেদ, দেলোয়ার হোসেন, আরিফ আকবর প্রমুখ ।
মতবিনিময় সভায় যুব বেকারত্ব, কর্মসংস্থান, যুব আন্দোলনের কর্মসূচীসহ যুবশক্তির দক্ষতা উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়।
সভা আগামী ২২ জানুয়ারী ২০২৭ অনুষ্ঠিতব্য জাতীয় যুব সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।