ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা পর্যায়ে শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মাদকের ভয়াবহতা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এই সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম জামাল বর্তমান তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলার উপপরিচালক মো. আলম হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে সোচ্চার হতে হবে। একই সঙ্গে আসন্ন ডেঙ্গু মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার এবং চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান অতিথিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাছিব ভুট্টো আকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।