উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রণ সম্পন্ন হয়েছে। বিকেল ৪টা থেকে ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। গণনা শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশন (ইসি) এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে সন্তুষ্ট বলেও জানান আখতার আহমেদ।
তিনি আরো বলেন, সবার সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ পরিবেশে একটা ভালো নির্বাচন করতে সম্পন্ন সক্ষম হয়েছি।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় সকল ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়েছে।
তিনি বলেন, ‘ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহনের হার আরো বেশি হবে। গণনা শেষে বলতে পারব যে, প্রকৃতপক্ষে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে। এখন গণনার কার্যক্রম শুরু হয়েছে। গণনা কার্যক্রম শেষ হওয়ার পর আমরা ফলাফল জানিয়ে দেব।
ইসি সচিব আরো বলেন, এই নির্বাচনে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কোন জায়গা থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমন কোনো খবর পাইনি যেটা আমাদেরকে উদ্বিগ্ন করতে পারে। ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক ছিল বলে তিনি জানান।